মাদারীপুরের বাংলাবাজার থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে আসার সময় এবার পদ্মা সেতুর ১০নং পিয়ারে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর এর ধাক্কার ঘটনা ঘটেছে। সোমবার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় এক নারী সহ কমপক্ষে ৫জন আহত হয়েছে। এছাড়াও ফেরিতে থাকা একটি ট্রাক ছিটকে অপর আরেকটি প্রাইভেটকারে পরলে গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ফেরিটি বাংলাবাজারঘাট থেকে শিমুলিয়াঘাটের অভিমুখে আসছিলো। সন্ধ্যা ৭টার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সেতুকে অতিক্রম করার সময় ১০নং পিয়ারে ধাক্কা লাগে৷ এসময় ফেরিতে থাকা এক নারী সহ অন্তত ৫জন যাত্রী আহত হয়েছে।
এদিকে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ফেরি ধাক্কার ঘটনায় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ইনল্যান্ড মাস্টার অফিসার মো. দেলোয়ার ইসলাম ও হুইল সুকানি মো. আবুল কালাম আজাদকে বরখাস্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডাব্লিউটিসি) এক দফতর আদেশে তাদের বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান।
তিনি বলেন, ঘটনা তদন্তে বিআইডব্লিউটিসি’র পরিচালক (কারিগরি) মো. রাশেদুল ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।





