বিশ্ব ব্যাংকের অভিযোগ মিথ্যা প্রমাণ করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ মন্তব্য করেন তিনি। এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে ও জেলাভিত্তিক ২৫টি সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এসময় প্রধানমন্ত্রী বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য বেশি প্রয়োজন সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে দেশের মানুষ অর্থনৈতিকভাবে উন্নত হবে। এজন্য দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বেশি গুরুত্ব দিয়েছে সরকার।
তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণ সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। আপনারা জানেন, সেতু নির্মাণ শুরু হতে না হতেই ওয়ার্ল্ড ব্যাংক আমাদের ওপর দুর্নীতির দোষারোপ করেছিল। আমি তাদের চ্যালেঞ্জ দিয়েছিলাম- দুর্নীতি হয় নাই। কানাডার কোর্টে তা প্রমাণিত হয়। এটা আমাদের জন্য অনেক বড় সম্মানের। এ ধরনের একটা অভিযোগ দিয়ে আমাদের চরমভাবে অসম্মান করা হয়েছিল। তাই এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। নিজেদের অর্থায়নে সেতুর কাজ শুরু করি।পদ্মা সেতু ছিল আমাদের আত্মসম্মানের ব্যাপার। আমরা যে নিজেরা করতে পারি, এই একটা সিদ্ধান্তে সারা বিশ্বে বাংলাদেশের মানুষের ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, আমরা ক্ষমতায় আসার পর দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছি। ঢাকা থেকে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যাতে নিরবিচ্ছন্নভাবে মানুষ চলাচল করতে পারে, সেজন্য সড়ক, সেতু, কালভাট, আন্ডারপাস, ওভারপাস নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। এ ধরনের যোগাযোগ ব্যবস্থার ফলে সংশ্লিষ্ট এলাকার মানুষ উপকৃত হচ্ছে। আমরা যোগাযোগ ব্যবস্থার আধুনিক ও বৈপ্লবিক পরিবর্তন করতে চাই। সারাদেশ এখন সড়ক নেটওয়ার্কের আওতায় এসেছে।
প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের দক্ষিণাঞ্চলের মানুষগুলো এতদিন অবহেলার মধ্যে ছিল। ঢাকা থেকে গোপালগঞ্জ যেতে ২৪ ঘণ্টা সময় লাগত। এছাড়া বরিশালসহ দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা তেমন উন্নয়ন ছিল না। আজ সে যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন সাধিত হয়েছে, এসব এলাকায় এখন দ্রুত উন্নয়ন হবে। কিছুদিনের মধ্যেই এই এক্সপ্রেসওয়ে দিয়ে টুঙ্গিপাড়া যাওয়ার আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় তিনি আরো বলেন, যেখানে কাজ জটিল হয়, সেখানে সেনাবাহিনী দক্ষতার সাথে কাজে সফল হয়।





