পরকীয়া মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নাটোরের গুরুদাসপুরে মানববন্ধন করেছেন পরকীয়া বিরোধীরা। পৌর সদরের বাণিজ্যনগরী চাঁচকৈড় বাজারের ব্যবসায়ী বাকি বিল্লাহ্ জুয়েলের উদ্যোগে বুধবার সকাল ১০টায় চাঁচকৈড় মেইন রোডে ওই মানববন্ধন হয়। এসময় পরকীয়া বন্ধের নানা দিক তুলে ধরেন উপস্থিত বক্তারা।
মানববন্ধনের উদ্যোক্তা বাকি বিল্লাহ্ জুয়েল বলেন, দেশে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে এই পরকীয়া প্রেম। এই নিষিদ্ধ প্রেমের আগুনে জ্বলছে দেশ,জাতি ও পরিবার। পরকীয়ার অভিশাপে জর্জরিত আমাদের সমাজ। ভয়াবহ বিপর্যয়ের মুখে সাজানো গোছানো সোনার সংসার। পরকিয়ায় জড়ানো পুরুষ ও নারী উভয় মানুষ হয়ে উঠে পশুর সামিল। পরকিয়ার কুফল শুধু নিজেরা নয় তাদের পুরো পরিবারকে ভোগ করতে হয়। এর ফলে আশংকাজনক ভাবে বাড়ছে পারিবারিক কলহ। প্রতিদিনই স্বামীর হাতে স্ত্রী, স্ত্রীর হাতে স্বামী, সন্তানের হাতে পিতা-মাতা এবং পিতা-মাতার হাতে সন্তানের প্রাণ হরণের ঘটনা ঘটছে। বাড়ছে পারিবারিক অশান্তি, ভেঙে যাচ্ছে সংসার। ক্রমেই যেন মহামারী আকার ধারণ করেছে এ পরকীয়া। এসব থেকে মুক্তি পেতে হলে এখনি আমাদের পরকীয়া বিরোধী আন্দোলন গড়ে তুলতে হবে এবং রাষ্ট্রীয় আইন করতে হবে।
মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত বক্তব্য রাখেন আবু তাহের, সেলিম পারভেজ বাবু, অনিক শেখ, রিপন তালুকদার, মাওলানা আব্দুল আলিমসহ প্রমুখ।





