মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমান রিমান্ডের এ আদেশ দেন।
এদিন দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের গুলশান জোনাল টিমের পরিদর্শক মো. আব্দুস ছোবাহান জিমিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
এ সময় আসামিপক্ষের আইনজীবী খলিলুর রহমান জিমির রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে শুনানি করে জামিনের বিরোধীতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল শুক্রবার দিবাগত রাতে গুলশানের একটি বাসা থেকে জিমিকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তার বিরুদ্ধে বনানী থানায় মাদক মামলা দায়ের করা হয়।
গত ৪ আগস্ট বিকেল ৪টার পর পরই বনানীর ১২ নম্বর রোডের পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র্যাুব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। পরদিন আদালত মাদক মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ডিবি পুলিশ জানায়, পরীমনির অনৈতিক কাজের সহযোগীদের নাম পাওয়া গেছে। তাদেরও আইনের আওতায় আনা হবে।





