পাকিস্তানের হাতে আটক ভূপাতিত ভারতীয় যুদ্ধবিমানের পাইলট উইং কমান্ডার অভিনন্দন বলেছেন, ‘আমাকে উদ্ধারের পর পাকিস্তানি সেনারা আমার সঙ্গে ভালো ব্যবহার করেছেন।’
আজ বুধবার সন্ধ্যায় পাকিস্তানি সেনাবাহিনীর ধারণ করা ভিডিওতে এ কথা বলেন তিনি। পাকিস্তানি গণমাধ্যম ডন ভিডিওটি তাদের সামাজিক মাধ্যম ফেসবুক পাতায় প্রকাশ করেছে।
ভিডিওতে দেখা যায় ভারতীয় বিমান বাহিনীর পাইলটের হাতে একটি চায়ের কাপ। বেশ হাসিখুশিতে অবস্থাতেই তাকে গল্প করতে দেখা যায়।
আটক ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বলেন, পাকিস্তান সেনাবাহিনী বেশ ভালোভোবেই আমার সঙ্গে আচরণ করছে। তারা প্রত্যেকেই ভদ্র লোক। যে ক্যাপ্টেন আমাকে উদ্ধার করেছে তিনি থেকে শুরু করে সবাই যে আচরণ করেছে আমি আমার দেশের সেনাবাহিনীর কাছ থেকেও এমনটা প্রত্যাশা করি।
পাকিস্তান সেনাবাহিনীর প্রশংসা করে অভিনন্দন বলেন, আমি আপনাদের ব্যবহারে মুগ্ধ।
তিনি বলেন, আমি এই ঘটনাটিকে রেকর্ডের কাতারে ফেলব। আমি দেশে ফিরে যাওয়ার পরেও আমার এমন বক্তব্য পরিবর্তন করব না।
কোন লক্ষ্যে হামলা চালানোর উদ্দেশে রওনা দিয়েছিলেন এমন প্রশ্নের জবাবে অভিনন্দন বলেন, ‘আমি দুঃখিত মেজর, আমি সেটা বলতে চাই না।’
ব্যক্তিগত জীবনে বিবাহিত জানিয়ে পাইলট চা-পান করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানান।
কোন এলাকায় বাড়ি জানতে চাওয়া হলে ভারতীয় পাইলট জানান তিনি নিজের ঠিকানা বলতে চান না, তবে তার বাড়ি দক্ষিণ ভারতের কোনো এক জায়গায় বলে জানান।
পাকিস্তানের তথ্যমন্ত্রণালয় টুইট বার্তায় জানিয়েছে, ওই পাইলট ভূপাতিত ভারতীয় দুটি বিমানের একটিতে ছিলেন। এর আগে পাকিস্তান দাবি করে, তারা দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তাদের দাবি, হতাহতের ঘটনা এড়াতে বেসামরিক একটি টার্গেটে হামলা করা হয়েছে।
তবে প্রথমে ভারতের পক্ষ থেকে যুদ্ধবিমান ভূপাতিত আর পাইলট আটকের কথা অস্বীকার করে। তবে পরবর্তীতে ভারত একটি মিগ-২১ যুদ্ধবিমান ও একজন পাইলটের নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
মঙ্গলবার ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানে বালাকোট এলাকায় সীমান্ত নিয়ন্ত্রণ রেখা পার হয়ে বোমা হামলা চালায়। ভারতীয় গণমাধ্যম দাবি করে এতে অনেক জঙ্গি হতাহত হয়েছে। তবে পাকিস্তান বলছে, এতে তাদের দেশে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর পর এদিন বিকালে পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় ব্যাপক গোলা বর্ষণ করে। এতে ভারতীয় দুই নাগরিক নিহত হওয়া দাবি করা হয়েছে। বুধবার সকালে পাকিস্তানের অভ্যন্তরে ভারতীয় দুটি বিমান ঢুকে পড়লে পাকিস্তান তা ভূপাতিত করে। এ ঘটনায় দুইজন নিহত ও দুই ভারতীয় পাইলটকে আটকের দাবি করে পাকিস্তান।





