সারা দেশ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত, গুলিবিদ্ধ আরো একজন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২ এপ্রিল, ২০২৩

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে রবিউল ইসলাম (৫০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। এতে গুলিবৃদ্ধ হয়ে শহিদুল (৩০) নামে আরো এক যুবক রংপুরে গোপনে একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
রোববার (০২ এপ্রিল) ভোরে পাটগ্রাম উপজেলার শমসেরনগর সীমান্ত মেইন পিলার ৮৬৪ কাছে এ ঘটনা ঘটে।
পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পাটগ্রাম থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হবে।
নিহত রবিউল ইসলাম (৫০) উপজেলার বুড়িমারী কলাবাগান এলাকার মৃত চেনুমিয়া ছেলে। গুলিবিদ্ধ শহিদুল উপজেলার বুড়িমারী কলাবাগান এলাকার হেদুল মিয়ার ছেলে।
তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার ভোরে পাটগ্রাম উপজেলার শমসেরনগর বিওপির সীমান্তের মেইন পিলারের ৮৬৪ হতে ১০ গজ ভারতের অভ্যন্তরে মেডিকেল ব্রীজ নামক স্থানে বাংলাদেশী ৪/৫জন চোরাকারবারি অবৈধভাবে ভারতীয় অংশে প্রবেশ করলে ভারতে কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৬৯ বিএসএফ ব্যাটেলিয়ান চুঙ্গারখাতা ক্যাম্পের টহল দল তাদের উদ্দেশ্য করে গুলি ছোড়ে। এতে বাংলাদেশী চোরাকারবারী রবিউল ইসলাম গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। আর শহিদুল ইসলাম বামপায়ে গুলিবিদ্ধ হয়ে রংপুরে অজ্ঞাত স্থানে গোপনে চিকিৎসা নিচ্ছেন।
৬১ বিজিবির তিস্তা-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এ এম মাহবুবুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চোরাকারবারির উদ্দেশ্যে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে গেলে বিএসএফের গুলিতে একজন নিহত হয়েছেন। অপর জন আহত হয়েছেন। বিষয়টি আমরা তদন্ত করছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads