আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, দেশের সব পাঠ্যপুস্তক পর্যালোচনা করে ভুল ত্রুটি সংশোধনের কাজ চলছে।
তিনি বলেন, পাঠ্যপুস্তকে কোথাও কোথাও অসঙ্গতি আছে, কিছু সমস্যা আছে, আমরা এ বছর সকল পাঠ্যপুস্তক পুনঃবিবেচনা করছি, রিভিউ করছি। কাজেই সেখানে যে সমস্যা আছে, যা আমরা চিহ্নিত করতে পেরেছি সেগুলো সংশোধনের কাজ চলছে।
পাঠ্য বইয়ে কোনো ভুল থাকলে তা ধরিয়ে দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
আজ শনিবার চাঁদপুর সদর উপজেলার পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সম্বয়ে মাসিক সমন্বয় সভায় যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দীপু মনি বলেন, এসএসসি পরীক্ষা যেমন প্রশ্ন ফাঁসমুক্ত শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এইচএসসি পরীক্ষাও এখনো পর্যন্ত আল্লাহর রহমতে অত্যন্ত ভালোভাবে সম্পন্ন হচ্ছে। এ ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থাসহ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদের অবদান রয়েছে। তাই দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
তিনি বলেন, সকল নির্বাচিত জনপ্রতিনিধির স্বচ্ছতার মাধ্যমে কর্ম পরিচালনা করা উচিত। আমরা বাংলাদেশকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা, দারিদ্র ও দূর্নীতিমুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। সেই লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে।
চাঁদপুর সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম দেওয়ানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, সাংগঠনিক সম্পাদক তাফজ্জল হোসেন এসডু পাটওয়ারী।
এছাড়াও নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানাসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।





