ইউক্রেনে আগ্রাসনকে কেন্দ্র করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য ও কানাডা। এর ফলে এসব দেশে পুতিন ও ল্যাভরভের কোনো সম্পদ থাকলে তা জব্দ হবে এবং তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।
বিবিসি জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর দ্বিতীয় দিন শুক্রবার এ নিষেধাজ্ঞার ঘোষণা আসে।
রাষ্ট্রীয় নেতাদের বিরুদ্ধে এ ধরনের শাস্তিমূলক পদক্ষেপ বিরল ঘটনা। এর আগে ইইউ শুধু সিরিয়া ও বেলারুশের প্রেসিডেন্টদ্বয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। আর যুক্তরাষ্ট্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল।
তবে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও কানাডায় পুতিন ও ল্যাভরভের কোনো সম্পদ আছে কিনা, থাকলেও কী পরিমাণ আছে আর এই নিষেধাজ্ঞায় সত্যিই কোনো প্রভাব পড়বে কিনা তা পরিষ্কার নয়।
পররাষ্ট্র নীতিতে পশ্চিম যে ‘পুরোপুরি অক্ষম’ তা তারা দেখিয়ে দিয়েছে বলে রাশিয়া দাবি করেছে।





