পূর্বধলা ( নেত্রকোনা) সংবাদদাতা:
নেত্রকোনার পূর্বধলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারী শিক্ষার্থীদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় এবং শেখ হাসিনা সরকারের পতনে ইত্তেহাদুল মাদারিসিল আরাবিয়া উপজেলা শাখার উদ্যোগে শোকরানা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (৭ আগস্ট) বুধবার দুপুর ২টায় পূর্বধলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা সদরের স্টেশন বাজারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইত্তেহাদুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মুফতি ওলিউল্লাহ্ কাসেমী, উপজেলা শাখার সাধারণত সম্পাদক হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার নেতা মুফতী ওমর ফারুক খান, পূর্বধলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী নোমান সিরাজী, মুফতি তোফাজ্জল হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বৎসর আওয়ামী দুঃশাসন জুলম ও শোষণের মাধ্যমে দেশের জনগণকে বিভক্ত করে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। আজ দেশের ছাত্র জনতার নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে উৎখাত করে ২য় বারের মতো দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। এখন ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের শান্তি সম্প্রীতি বজায় রাখার দায়িত্ব আমাদের। এদেশে সকল ধর্মের মানুষ নিরাপদ। সেজন্য হিন্দুদের ধর্মীয় উপাসনালয় ও বাড়িঘর দোকানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সমাবেশ শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারী শিক্ষার্থীদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।





