চট্টগ্রাম প্রতিনিধি:
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর সহযোগিতায় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (ব্যাক) কর্তৃক আয়োজিত ‘প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন: ডকুমেন্টেশন এন্ড এভিডেন্স’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. এস. এম. কবির এর সভাপতিত্বে আজ সোমবার এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. এস. এম. কবির, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মফজল আহমদ। এছাড়া অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডভাইজার ও ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক ড. এম. মুজিবুর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ ফসিউল আলম এবং মানবিক, সমাজ বিজ্ঞান ও আইন অনুষদের ডীন অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী, রেজিস্ট্রার মোঃ ওবায়দুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ সেলিম হোসেন, বিভাগীয় সভাপতিবৃন্দ, আইকিউএসির সদস্যবৃন্দ, ৯টি বিভাগের প্রোগ্রাম সেল্ফ এসেসমেন্ট কমিটির সিনিয়র সদস্যবৃন্দ ও বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ। উক্ত কর্মশালা পরিচালনা করেন ন্যাচেরাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. সৈয়দ এনায়েত করিম।
উচ্চশিক্ষার মানোন্নয়নের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গত ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে প্রোগ্রাম এক্রেডিটেশনের জন্য আবেদন করেছে। উচ্চশিক্ষায় অ্যাক্রেডিটেশন বিষয়ে উদ্বুকরণের অংশ হিসেবে আজকের এ প্রস্তুতিবিষয়ক কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মফজল আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরল আনোয়ার বলেন, “পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষায় ক্রমাগত আন্তর্জাতিক মানোয়ন্নন বজায় রাখার জন্য ও গুনগত মান রক্ষায় পিসিআইইউ অঙ্গীকারবদ্ধ।” শিক্ষার মানোয়োন্ননে জবাবদিহিতা নিশ্চিত করে প্রাথমিক থেকে উচ্চশিক্ষার সর্বস্তরে সমন্বয় রাখতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এর অগ্রণী ভূমিকা পালনে আহ্বান জানিয়েছেন।
মূল প্রবন্ধে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. এস এম কবির বলেন, “উচ্চশিক্ষায় ধারাবাহিক পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় ও সঠিক ব্যবস্থাপনা জরুরি। এবিষয়ে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল সহায়ক ভূমিকা রাখছে।” কর্মশালায় তিনি বিশ্ববিদ্যালয়সমূহের এক্রেডিটেশনের প্রস্তুতি বিষয়ক দিক নির্দেশনা প্রদান করেন।





