আসন্ন একাদশ সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণায় মুখর সারা দেশ। ভোটারদের মন জয় করতে প্রার্থী ও কর্মীরা ছুটছেন দ্বারে দ্বারে। কেউ কেউ করছেন ‘তুঘলকি কাণ্ড’ও। মেঘনার মোহনায় চরফ্যাশন ও মনপুরা নিয়ে গঠিত ভোলা-৪ আসনের নৌকার প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের পক্ষে শুরু হয়েছে তেমনই এক ‘তুঘলকি কাণ্ড’। মাত্র ৩ লাখ ৭২ হাজার ৯৪৮ জন ভোটারের এই আসনে ১ লাখ ৮ হাজার তালিকাভুক্ত কর্মী ঘরে ঘরে নৌকা মার্কায় ভোট চেয়ে বেড়াচ্ছেন।
সকালে, দুপুরে, বিকালে কিংবা রাতে পাড়া-মহল্লায় উঠান বৈঠক এবং পথে পথে খণ্ড খণ্ড মিছিলে নির্বাচনের মাঠ সরগরম করে রেখেছেন তারা।
চরফ্যাশন ও মনপুরা উপজেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, তালিকাভুক্ত ১ লাখ ৮ হাজার কর্মী ঘরে ঘরে ভোটারের কাছে নৌকা মার্কার জন্য ভোট চেয়ে বেড়াচ্ছেন। নৌকা মার্কার পক্ষে টেনে আনতে প্রতি ৪ জন ভোটারের পেছনে একজন কর্মীকে লাগিয়ে রাখা হয়েছে।
চরফ্যাশন ও মনপুরা উপজেলা নিয়ে ভোলা-৪ আসন। চরফ্যাশন উপজেলায় ১ লাখ ৫৪ হাজার ৮১৭ জন মহিলা ভোটারসহ মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২০ হাজার ৬৫৯ জন। মনপুরা উপজেলায় ২৫ হাজার ৯১৭ জন মহিলা ভোটারসহ মোট ভোটার সংখ্যা ৫২ হাজার ২৮৯ জন। সংসদীয় এলাকায় চরফ্যাশন ও মনপুরা উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ৯৪৮ জন।
চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন জানান, নির্বাচনকে সামনে রেখে আগে থেকেই চরফ্যাশন আওয়ামী লীগ সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। নতুন তিনটি থানা, একটি পৌরসভা, ২১টি ইউনিয়ন, ১৯৯টি ওয়ার্ড এবং ১১৩টি ভোটকেন্দ্রের কমিটির আওতায় চরফ্যাশন উপজেলায় ৮৪ হাজার তালিকাভুক্ত কর্মী নিয়োগ করা হয়েছে। যারা নিয়মিত ভোটারের ঘরে ভোট চেয়ে বেড়াচ্ছেন। মনপুরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম শাহজাহান জানান, মনপুরা উপজেলার চারটি ইউনিয়ন, ৩৬টি ওয়ার্ড এবং ২৩টি কেন্দ্র কমিটির আওতায় তালিকাভুক্ত ২৫ হাজার কর্মী নৌকা মার্কার জন্য ভোট চেয়ে বেড়াচ্ছেন।
উপজেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র জানান, নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুতি নিয়ে কমিটিগুলো আগে থেকেই প্রস্তুত ছিল। নির্বাচনী কমিটি প্রস্তুত থাকায় প্রচারণার প্রথম দিনে সর্বাত্মক শক্তি নিয়ে মাঠে নেমে পড়েছে আওয়ামী লীগ। গত দশ বছরে স্থানীয় উন্নয়ন ভোটারদের কাছে কর্মীদের ভোট চাওয়ার পথ সহজ করে দিয়েছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এই আসনে ইতিহাস গড়ে বিজয়ী হবেন।





