নাজিয়া হক অর্ষা, নির্মাতা এবং দর্শকের কাছে একজন ভার্সেটাইল অভিনেত্রী। অর্ষা তার অভিনয় দিয়ে প্রমাণ করেছেন যে কোনো চরিত্রে অভিনয়ের জন্য তিনি তার একটি আলাদা ক্ষেত্র তৈরি করেছেন। যে কারণে একটু ভিন্ন ঘরানার গল্পে, অনেকটাই চ্যালেঞ্জিং চরিত্রে অর্ষাকে নিয়ে কাজ করতে আগ্রহী হন নির্মাতারা। দেশ টিভিতে আজ থেকে বেশ কয়েক বছল আগে গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাতকাহন’ ধারাবাহিক নাটকে দীপাবলী চরিত্রে অভিনয় করে সেই সময় চারিদিকে বেশ হৈ চৈ ফেলে দিয়েছিলেন নন্দিত এই অভিনেত্রী। আর এর পর থেকেই যেন অর্ষাকে নিয়ে নির্মাতাদের কাজের আগ্রহও বেড়ে যায়। এ সময়ে এসে এই প্রজন্মের জাত অভিনেত্রীদের তালিকায় উঠে এসেছেন তিনি নিজ মেধা দিয়েই। গেল ১৩ ডিসেম্বর একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার সুরে আশা ভোঁসলের গাওয়া ‘চলে যাওয়া ঢেউগুলো আর ফিরে আসেনি’ গানটি।
গানটি লিখেছেন কবির বকুল এবং সংগীতায়োজন করেছেন রাজা কাশেফ। গানটিতে মডেল হিসেবে অভিনয় করেছেন অর্ষা। অর্ষার ভাষ্যমতে গানটিতে প্রস্তাব আসা মাত্রই তিনি গানটিতে মডেল হিসেবে কাজ করতে সম্মতি জানান। শুটিংয়ের আগে নির্মাতা শাহরিয়ার পলকের সঙ্গে গানটির দৃশ্যায়ন কেমন হতে পারে তা নিয়ে আলোচনাও করেন। মাত্র একদিনে মিউজিক ভিডিওর গল্প অনুযায়ী গানটির দৃশ্য ধারণ করা হয়। গানটি প্রকাশ হবার পর থেকে গানটির যেমন প্রশংসা করছেন সবাই, শ্রোতারা যেমন গানটি পছন্দ করেছেন তার চেয়ে বেশি প্রশংসা করছেন অর্ষার প্রাণবন্ত, অনবদ্য অভিনয়ের। গানের কথা, সুর এবং গায়কী’তে যে আবেগ সেই আবেগই যেন অর্ষা তার অভিনয়ের মধ্যদিয়ে ফুটিয়ে তুলেছেন।
গানটিতে কাজ করা প্রসঙ্গে এবং রেসপন্স প্রসঙ্গে অর্ষা বলেন, ‘সত্যি বলতে কী এটা আমার সৌভাগ্য যে রুনা আপার সুরে আশা জি’র গানের মডেল হতে পেরেছি। মিউজিক ভিডিওটির নির্মাতা পলকের সঙ্গে এটাই আমার প্রথম কাজ হলেও পুরো ইউনিট এতটাই আন্তরিক ছিল যে আমি কাজটি করার সময়ই ভীষণ উপভোগ করেছি। আমার অবস্থান থেকে আমি আমার চরিত্রের মধ্য দিয়ে গল্পটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এটা সত্যি যে, যে কোনো কাজ করার পর আমি তার জন্য কোনো প্রত্যাশা রাখি না। এই গানটির ক্ষেত্রেও ঠিক তা-ই হয়েছে। কিন্তু গানটি প্রকাশ হওয়ার পর গানটির জন্য বেশ সাড়া পাওয়া শুরু করি। সবাই আমার অভিনয়ের বেশ প্রশংসা করছেন। এরইমধ্যে রুনা আপার সঙ্গে আমার কথা হলো, তিনিও বলেছেন যে মুম্বাইয়ের অনেকেই বিশেষত শ্রদ্ধেয় আশা জি’ও নাকি কাজটি পছন্দ করেছেন। এটা শুনে মনটা ভরে গেল। অনেকদিন পর মিউজিক ভিডিও করে এতটা সাড়া পাব ভাবতে পারিনি।’
অর্ষা অভিনীত প্রথম নাটক ছিলো কাফী বীর পরিচালিত ‘দ্বন্দ্ব’। অর্ষার আজকের অবস্থানের পেছনে তার মা মাসুদা হকেরই ভূমিকা সবচেয়ে বেশি।





