প্রেমের সম্পর্ক গড়ে ফুসলিয়ে আপত্তিকর ছবি নিয়ে এক কলেজ ছাত্রীকে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দেওয়ার অভিযোগে বগুড়ায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে শহরের রেলগেট এলাকা থেকে র্যাব তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- শামিম প্রামানিক সোহান (২৩) ও সিরাজুল (২০)।
র্যাব-১২ বগুড়া স্পেশালাইজড কোম্পানী জানায়, বগুড়া সদর এলাকার এক কলেজ ছাত্রীর সঙ্গে কালিবালা উত্তরপাড়া সোহান প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে সে ওই তরুণীকে ফুসলিয়ে কিছু অন্তরঙ্গ মুহুর্তের ছবি ও ভিডিও যোগাযোগ অ্যাপ ইমোর মাধ্যমে সংগ্রহ করে। এরপর থেকেই সে তার বন্ধু গাবতলির মধ্যকাতুলি এলাকার সিরাজুলকে নিয়ে ওই কলেজ ছাত্রীকে ব্ল্যাকমেইল করতে থাকে। এক পর্যায়ে এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। এছাড়া এই দুই প্রতারক তাদের নিকট থাকা আপত্তিকর ভিডিও কলেজ ছাত্রীকে ফিরিয়ে দেয়ার জন্য ২ লাখ টাকা দাবি করে। মান সম্মানের ভয়ে তরুণী স্বর্ণালঙ্কার ৩৭ হাজার টাকা দেয়। তবে এরপরেও আরো টাকা এবং শারীরিরক সর্ম্পক স্থাপনের জন্য তরুণীকে চাপ দিতে থাকে। এতে ওই কলেজ ছাত্রী বিষয়টি র্যাবকে জানায়। পরে ব্ল্যাকমেইলের শিকার কলেজ ছাত্রী থানায় জিডি করে। এরপর থেকে র্যাব অভিযুক্তদের ধরতে তৎপরতা শুরু করে। গোপন সূত্রে খবর পেয়ে র্যাব বগুড়া ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্ব একটি টিম বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে দুই বখাটে প্রতারক যুবককে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, দুই বখাটে ইতোপুর্বে প্রেমের ফাঁদ ফেলে আরো ব্ল্যাকমেইলের কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেপ্তারের পর তাদের মোবাইল থেকে ভিডিও ও স্থিরচিত্র র্যাব উদ্ধার করা হয়। তাদেরকে বগুড়া সদর থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।





