ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক কিশোরীকে ফাঁকা রাস্তায় পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করার অপরাধে আব্দুল লতিফ (৫২) নামের এক অটোরিকশা চালকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট সাইফুল ইসলাম এই রায় দেন।
সাজাপ্রাপ্ত আব্দুল লতিফ কিশোরগঞ্জ সদর উপজেলার মইনর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। বর্তমানে সে আখাউড়া পৌর শহরের কলেজ পাড়ার নূরুল হক ভূইয়ার বাড়িতে পরিবার নিয়ে ভাড়ায় থাকছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই কিশোরী তার নিজের প্রয়োজনীয় জিনিষপত্র কেনাকাটা করতে মঙ্গলবার সকালের দিকে পৌরশহরের সড়ক বাজারে আসে।কেনাকাটা শেষে দুপুরে ১২টার দিকে বাড়ি ফিরতে ওই ব্যাটারি চালিত অটোরিকশায় উঠে। এক পর্যায়ে অটো রিকশাটি উপজেলার উত্তর ইউনিয়নের আনোয়ারপুরের সড়কের মাঝামাঝি স্থানে এসে পৌঁছলে হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থাকায় রাস্তাটি ও এক প্রকার ফাঁকা হয়ে যায়। এ সুযোগে অটো চালক লতিফ তার উপর ঝাঁপিয়ে পড়ে ও শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় ওই কিশোরী মেয়ে চিৎকার শুরু করলে অটো চালক লতিফ দ্রুত পালিয়ে যায়। পরে আরেকটি অটোরিকশা নিয়ে ওই কিশোরী মেয়ে তার বাড়িতে যায়। বাড়িতে ফিরে ওই কিশোরী ঘটনাটি তার পরিবারকে খুলে বলে। এরপর কিশোরীর পিতা অটোরিকশা চালককে খোঁজতে আখাউড়া পৌর শহরে চলে আসেন। অনেক্ষণ খোঁজে অটো চালককে কলেজপাড়া এলাকা থেকে বের করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে গণধোলাই দিয়ে ঘটনাস্থলে নিয়ে যায়। তাৎক্ষনিকভাবে খবর পেয়ে উপজেলা প্রশাসনও ঘটনাস্থলে ছুটে যায়। পরে দোষীর স্বীকারোক্তি ও শ্লীলতাহানির চেষ্টার প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত চালক আব্দুল লতিফকে ১৫ দিনের কারাদণ্ড দেয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট সাইফুল ইসলাম বলেন, এ ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় অটো চালককে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড দেয়।





