ফুটপাতের পর রাস্তা দখল করছে হকাররা

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

ফুটপাতের পর রাস্তা দখল করছে হকাররা

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ৩ অক্টোবর, ২০২০

ভ্রাম্যমান হকারদের দৌরাত্মে কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ন সড়কে স্বাভাবিক যান চলাচল বড় দায়। ভ্যানে এবং ঝুড়িতে করে ফলফলাদি, সবজি এবং নিত্য প্রয়োজনীয় তৈজসপত্র বিক্রির জন্য নগরীর কান্দিরপাড়, নজরুল এভিনিউ এবং শাসনগাছা ফ্লাইওভারের নিচের মূল সড়কই দখল করে রাখে তারা। সন্ধ্যার পর এসব ক্ষুদ্র ব্যবসায়ীরা যেন হয়ে ওঠে আরো বেপরোয়া। তাদের এলোপাতাড়ি ভাবে ভ্যান ও ঝুড়ি নিয়ে বসে বা দাঁড়িয়ে থাকার কারনে রাস্তার পাশে যানবাহন পার্কিং অসম্ভব হয়ে ওঠে। যে কারনে রাস্তার উপরেই যাত্রী উঠানামা করতে হয় বলে এসব এলাকাগুলোতে যানবাহন চলাচলে বিশৃঙ্খলা তৈরী হয়। এসব দেখেও যেন দেখার কেউ নেই!

নগরীর রাজগঞ্জ থেকে কান্দিরপাড় লিবার্টি সিনেমা হলের মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তায় অন্তত এক শ’ জন হকার ভ্যান ও ঝুড়িতে করে ফল, সবজি, জুতা, জামা-কাপড়, ঘরের তৈজসপত্র বিক্রি করে। সবচেয়ে বেশি হকার বসে সন্ধ্যার পর কান্দিরপাড় লিবার্টি সিনেমা হল মোড় থেকে মনোহরপুরের মাতৃভান্ডার পর্যন্ত।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক হকার জানায়, রাস্তার উপর দাঁড়ানোর জন্য তাদের চাঁদা দিতে হয়। কান্দিরপাড় এলাকা থেকে অন্তত ৩ জন লোক তাদের কাছ থেকে চাঁদা আদায় করে।

রিকশাচালক আলমগীর জানায়, হকারদের কারনে রাস্তার পাশে যাত্রী উঠানো বা নামানো কষ্টকর হয়। তারা ফুটপাত তো দখল করেই আছে, এখন আবার রাস্তায়ও বেচাকেনা শুরু করেছে।

এদিকে পূবালী চত্বর থেকে নজরুল এভিনিউ পর্যন্ত রাস্তার উত্তর পার্শ্বে কাত্যায়নী কালী বাড়ির সামনে মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার ও টিশার্টের পসরা সাজিয়ে বসে হকাররা। রাস্তার দক্ষিণ পার্শ্ব দখলে থাকে অটোরিকশা চালকদের আর উত্তর পার্শ্ব দখল নিয়ে আছে হকাররা।

মোটরসাইকেল চালক দেলোয়ার হোসাইন জানান, এমনিতেই রাস্তার উপর অটোরিকশা দাঁড়িয়ে জটলা পাকিয়ে রাখে। তার উপর যদি রাস্তার উপর হকার বসে থাকে তাহলে সাধারণ যানবাহন কিভাবে চলবে? এই জায়গায় এই সমস্যা দীর্ঘদিনের।

একই দশা শাসনগাছা এলাকার ও। ফ্লাইওভারের নিচের আইল্যান্ডে হকাররা নিয়মিত ব্যবসা করে আসছে। কিন্তু এসব হকার ছাড়াও ভ্রাম্যমান হকাররা ভ্যানে করে সবজি, ফল বা অন্যান্য সামগ্রী নিয়ে রাস্তার উপরই বসে থাকে।

কুমিল্লা জেলা ট্রাফিক পুলিশ ইনচার্জ মোঃ কামাল উদ্দিন জানান, হকাররা ফুটপাত তো দখল করেছে। সাথে এখন রাস্তাও দখল করেছে। এসব হকারদের উচ্ছেদ করা গেলে নগরীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সহজ হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads