বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট ই. মিলার। পূর্বনির্ধারিত অনুষ্ঠানে রংপুর যাবার পথে আজ রোববার দুপুরে বগুড়ায় যাত্রা বিরতি করেন মিলার।
দুপুর পৌনে ২টার দিকে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত। এসময় তিনি জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। প্রায় আধাঘণ্টা পর আবারো রংপুরের দিকে রওনা হন মার্কিন রাষ্ট্রদূত।
এর আগে গণমাধ্যমকর্মীদের মিলার জানান, বগুড়া হয়ে রংপুর যাবার পথে বগুড়া জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন তিনি। মূলত রংপুরে দুদেশের বিমান বাহিনীর যৌথ মহড়া অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে রওনা দিয়েছেন তিনি।
আগামীকাল সোমবার বগুড়ায় অনুষ্ঠেয় জাতীয় সংসদের উপ-নির্বাচন প্রসঙ্গে মিলার বলেন, শুনেছি কাল এখানে উপ-নির্বাচন। যুক্তরাষ্ট্র প্রত্যাশা করে এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, গত বছর রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে নিযুক্তির পর উত্তরাঞ্চলে এটিই রবার্ট মিলারের প্রথম সফর।





