বগুড়ার সোনাতলা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১১টি কেন্দ্রে তিনি মোট ভোট পেয়েছেন ৭ হাজার ৭৬৭ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত সাহিদুল বারী খান রব্বানী ৫ হাজার ২২০ ভোট পেয়েছেন। পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন ১৯ হাজার ৫২৩ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১৩ হাজার ১৮৭ জন। যা শতকরায় ৬৭ দশমিক ৫৪ শতাংশ।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১১টি ভোট কেন্দ্রে ৭০টি বুথে সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে একটানা ভোট গ্রহণ চলে। পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছে ১৯ হাজার ৫২৩ জন। এর মধ্যে নারী ভোটার ১০ হাজার ১১৯ ও পুরুষ ভোটার রয়েছে ৯ হাজার ৪০৪ জন। এতে মেয়র পদে তিনজন এবং কাউন্সিলর পদে ৪০ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়াই করেছেন ১১জন।
ভোট কেন্দ্রের নিরাপত্তা ও আইন সৃঙ্খলা রক্ষার্থে ১জন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, ১০ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, র্যাব টহল টিম ২ প্লাটন, মোবইল টিম ৫ প্লাটন, ষ্ট্রাইকিং ফোর্স ১ প্লাটন, ষ্ট্যান বাই ১প্লাটন, থানা পুলিশ ৬০জন, পুলিশ ২২২, আনসার ৮৯ জন। এছাড়া পুলিশের মধ্যেই ২২জন সাদা পোষাকে নিয়োজিত ছিলো।
এই পৌরসভা ২০০১ সালে গঠিত হলেও নানা জটিলতার কারণে নির্বাচন হয় ২০১৬ সালে। গত নির্বাচনেও নৌকা প্রতীক প্রার্থী সাহিদুল বারী খান রব্বানীকে ৮৫ ভোটে পরাজিত করে মেয়র হয়েছিল বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নাননু।





