বগুড়ার শিবগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৫জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ তথ্য জানিয়েছেন।
এর আগে সোমবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সোনাতলা থানার ঝিনারপাড়া গ্রামে শিবগঞ্জ থানা পুলিশ আবুল কালাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার বিকেলে শিবগঞ্জ থানার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে এসআই আনিস ও এএসআই মিজান সোনাতলা থানার ঝিনারপাড়া গ্রামে যান। তারা ওই গ্রামের সেকেন্দার আলীর ছেলে আবুল কালামকে (৪০) আটক করে হাতে হ্যান্ডকাফ লাগায়। এসময় তার পরিবারের স্বজনরা গ্রেপ্তারের কারন জানতে চায়। এ সময় পুলিশ জানায় তার কাছে ফেনসিডিল পাওয়া গেছে বলে জানায়। কিন্তু ফেনসিডিল দেখাতে না পারলে গ্রামের লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে আবুল কালামকে ছিনিয়ে নেয়।
স্বজনদের অভিযোগ পুলিশ তাকে গ্রেপ্তার করে পকেটে ফেনসিডিল ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে।
স্থানীয় ইউপি সদস্য টুকু মিয়া বলেন, শিবগঞ্জ থানা পুলিশ সোনাতলা থানা এলাকায় প্রবেশ করে কোন অভিযোগ ছাড়াই আবুল কালামকে মাদক ব্যবসার অভিযোগে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তার স্বজনরা ছিনিয়ে নেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, আবুল কালাম মাদক ব্যবসায়ী। তার বাড়ি সোনাতলা থানায় হলেও শিবগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। আসামির আত্মীয় স্বজনেরা পুলিশকে মারপিট করে তাকে ছিনিয়ে নেয়। তাদের হামলায় এসআই আনিস ও এএসআই মিজান আহত হয়। এঘটনায় এসআই আনিস বাদী হয়ে মামলা করেছে। সেই মামলায় রাতেই ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে সোনাতলা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, আবুল কালামের নামে সোনাতলা থানায় কোন মামলা নাই। আগে মামলা থাকলেও বর্তমানে জামিনে আছেন।





