সারা দেশ

বঙ্গবন্ধু- প্রধানমন্ত্রীর ছবিবিহীন ব্যানারে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সমালোচনার ঝড়

  • প্রকাশিত ২৮ মার্চ, ২০২২

সোনাগাজী (ফেনী) প্রতিনিধিঃ

 

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে সোনাগাজীর নবাবপুর ইউনিয়ন পরিষদ। গত রবিবার সকালে নবাবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। কিন্তু সংবর্ধনা অনুষ্ঠানের ব্যানারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর কোন ছবি ছিলো না। বিষয়টি নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সচেতন নাগরিকরা ক্ষোভ প্রকাশ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় আ'লীগ নেতা জানান, চেয়ারম্যান জহিরুল আলম জহির বিএনপি সমর্থিত হওয়ায় তিনি প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি সংবলিত ব্যানার প্রচার করতে অনাগ্রহী। যার কারণে ব্যানারে তিনি বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি দেননি। অথচ যে ব্যানারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি দেওয়া হয়নি সে ব্যানারে সংবর্ধনা নিয়েছেন মুক্তিযোদ্ধারা।

ক্ষোভ প্রকাশ করে আ'লীগ নেতা মাষ্টার সাহাব উদ্দিন ফেসবুকে লিখেন, এটি ধৃষ্টতাপূর্ণ এবং ইচ্ছাকৃত ভুল। এ ভুল অমার্জনীয় এবং ক্ষমার অযোগ্য। প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চয় খতিয়ে দেখবেন। নবাবপুরের কিছু আওয়ামী লীগ নেতার ব্যর্থতা, ষড়যন্ত্র, নিষ্ক্রিয়তা এবং নীরবতার কারণে এরা নির্বাচিত হয়ে এ জাতীয় দুঃসাহস দেখাচ্ছে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠলে ওই দিন (২৭ মার্চ) রাতে নবাবপুর ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার নামক ফেসবুক আইডিতে দুঃখ প্রকাশ করে ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহিরের বরাত দিয়ে লেখা হয়, আজ নবাবপুর ইউনিয়ন পরিষদ কতৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে নবাবপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের মুল ব্যানারে ভুলবশত জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি সংযোজন করা হয়নি। তাই আমরা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমা প্রার্থী। আগামীতে সকল অনুষ্ঠানের ব্যানারে অবশ্যই প্রয়োজনীয় ছবিগুলো সংযোজন করা হবে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন বলেন, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধাদের যে সংবর্ধনা দেওয়া হয়েছে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি না থাকা সত্যিই দু:খজনক । বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছে অথচ তাদের সংবর্ধনা অনুষ্টানের ব্যানারে বঙ্গবন্ধুর ছবিই দেওয়া হয়নি। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষনা করা হয়েছে তারা ব্যানারে সেটাও দেয়নি। আমি অসুস্থ থাকায় প্রথমে বিষয়টা জানতাম না পরে নবাবপুর ইউনিয়ন ছাত্রলীগের নজরে আসলে তারা এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। আগামীতে এমন কিছু ঘটলে এর কঠিন জবাব দেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads