গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক খসরুল আলমকে হুমকি দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষকেরা। এদিকে অভিযুক্ত শিক্ষার্থী এসএম অলি উল্লাহকে আজীবনের জন্য বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জানা গেছে, মঙ্গলবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনের সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে শিক্ষকেরা।
মানববন্ধনে শিক্ষকেরা বলেন, বিশ্ববিদ্যালয়ের একের পর এক শিক্ষক হয়রানির শিকার হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। এভাবে চলতে থাকলে শিক্ষাদান করা সম্ভব নয়।
এদিকে, অর্থনীতি বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক খসরুল আলমকে হুমকি দেয়ার দায়ে ইটিই বিভাগের শিক্ষার্থী এস এম অলি উল্লাহকে আজীবনের জন্য বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রফেসর ড. নুরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদাশে এ তথ্য জানানো হয়।





