বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এশিয়ার অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), বসুন্ধরা গোল্ড রিফাইনারির কর্ণধার এবং বাংলাদেশ জুয়েলার্স সমিতির সম্মানিত সদস্য সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার ষড়যন্ত্রের বিচার দাবি করেছে। গতকাল ০ আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের প্রথম সারির ও দায়িত্বশীল বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, এশিয়ার অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বসুন্ধরা গোল্ড রিফাইনারির কর্ণধার এবং বাংলাদেশ জুয়েলার্স সমিতির সম্মানিত সদস্য জনাব সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার ষড়যন্ত্রে জড়িত একজনকে রাজধানীর ভাটারা থানা পুলিশ আটক করেছে।
বিজ্ঞপ্তিতে বাজুস বলেছে, বিষয়টি একদিকে যেমন উদ্বেগজনক, তেমনি আশাব্যঞ্জকও বটে। দেশের একজন স্বনামধন্য ব্যবসায়ীকে হত্যার নীলনকশা প্রতিহত করার জন্য বাংলাদেশ জুয়েলার্স সমিতির পক্ষ থেকে আমরা পুলিশ বাহিনীকে সাধুবাদ জানাই।
বাজুস জানায়, এই ন্যক্কারজনক ঘটনার ফলে দেশের সাধারণ জুয়েলার্সদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। কারণ আনভীর বাংলাদেশ জুয়েলার্স সমিতির সম্মানিত সদস্য হিসেবে বাংলাদেশের ইতিহাসে প্রথম গোল্ড রিফাইনারি স্থাপনসহ বিভিন্ন গঠনমূলক উদ্যোগ গ্রহণ করেছেন। তার এ উদ্যোগের ফলে দেশের জুয়েলারি ব্যবস্থা তথা দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন হবে বলে আমরা বিশ্বাস করি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জুয়েলার্স সমিতির পক্ষ থেকে আমরা এই হত্যাচেষ্টার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের স্বল্প সময়ের মধ্যে গ্রেপ্তার ও শাস্তির দাবি করছি।





