বহুদিন পর খালের প্রবাহ ফিরল

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বহুদিন পর খালের প্রবাহ ফিরল

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১২ এপ্রিল, ২০২১

গাজীপুরের শ্রীপুরে একটি খালের প্রকৃত প্রবাহ ফিরিয়ে আনা হয়েছে। আজ সোমবার দুপুরে পরিবেশ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড ও শ্রীপুর উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে পৌর শহরের গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকার দুখোলা বাজারের পাশে লবলং খালের বন্ধ করে রাখা প্রবাহ খুলে দেওয়া হয়।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, কয়েক মাস আগে থেকে স্থানীয় কিছু অসাধু লোক লবলং খালের প্রকৃত স্রোতধারা বন্ধ করে রেখেছিল। বন্ধ স্থানটুকু সোমবার কয়েকটি দপ্তর ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে খুলে দেওয়া হয়েছে। এখন খালের প্রকৃত নিজ গতিতে প্রবাহমান হবে। সব বাধা কেটে স্রোতধারার গতি ফিরল খালে।

তিনি বলেন, আমাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার প্রস্তুতি ছিল। কিন্তু পরিস্থিতি শান্ত থাকায় আদালত পরিচালনা করতে হয়নি।

স্থানীয়রা জানান, খালের জায়গা দখল করে নির্মাণ করা ছোট ছোট স্থাপনাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। স্থাপনার ভালো অংশগুলো দখলদাররা নিজ নিজ দায়িত্বে সরিয়ে নিছে। একই সাথে বন্ধ খালের মুখ কেটে দেওয়ায় আশপাশে ছড়িয়ে পড়া পানি গুলো ধীরে ধীরে নেমে যাচ্ছে খাল দিয়ে। 

স্থানীয় মানবাধিকার ও সমাজ কর্মী খোরশেদ আলম জানান, আমাদের আশপাশের বিভিন্ন খাল নদীর প্রকৃত রূপে ফিরিয়ে দিতে আমরা আন্দোলন প্রতিবাদ করে যাচ্ছি। বেশ কিছু দিন ধরেই স্থানীয়দের নিয়ে লবলং খালের প্রবাহ বন্ধ করা অবৈধ বাঁধ সরাতে প্রতিবাদ করছিলাম। আজ প্রশাসন একটি  সমন্বিত উদ্যোগ নিয়ে খালের প্রকৃত প্রবাহ ফিরিয়ে দিয়েছে। এটা প্রশংসার দাবিদার। আমাদের দাবি আরো অবহেলিত অন্য নদী খালের ব্যাপারে উদ্যোগ নিতে হবে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মুস্তারী বলেন, আমরা এই বিষয়টি নিয়ে তৎপর ছিলাম। প্রাকৃতিক পরিবেশ রক্ষায় খালের বন্ধ মুখ খুলে দেওয়া হয়েছে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads