বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) বেলা বারোটায় পৌরসভা কার্যালয়ে গণমাধ্যমকর্মী, কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তাদের উপস্থিতিতে ১০০ কোটি টাকার এ বাজেট পেশ করেন বাঁশখালী পৌরসভার মেয়র অ্যাডভোকেট এস এম তোফাইল বিন হোসাইন।
বাঁশখালী পৌরসভার ঘোষিত বাজেটে বারো কোটি সত্তর লক্ষ বেয়াল্লিশ হাজার টাকা রাজস্ব বাজেট এবং সাতাশি কোটি ত্রিশ লক্ষ টাকা উন্নয়ন বাজেটসহ সর্বমোট ১০০ কোটি ৪২ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়।
বাজেট অনুষ্ঠানে পৌর মেয়র অ্যাডভোকেট তোফাইল বিন হোসাইনের সভাপতিত্বে পৌর নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, প্যানেল মেয়র রোজিয়া সোলতানা রোজি, প্যানেল মেয়র প্রণব কুমার দাশ, প্যানেল মেয়র কাঞ্চন কুমার বড়ুয়া, হিসাব রক্ষক কর্মকর্তা আবু সুফিয়ান ভূঁইয়া, কাউন্সিলর বদিউল আলম, জামশেদ আলম, মো. ইসহাক, মহিলা কাউন্সিলর সাদেকা নুর খানম বিউটি, রুজিনা আক্তার, আনছুর আলী, আরিফ মাইনুদ্দীন, আক্তার হোসেন, আবদুল গফুর প্রমুখ উপস্থিত ছিলেন।
বাজেট ঘোষণা পরবর্তী মেয়র অ্যাডভোকেট তোফাইল বিন হোসাইন বলেন, 'সকল প্রতিবন্ধকতা মোকাবিলা করে বাঁশখালী পৌরসভাকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে আমরা আগামী অর্থ বছরের জন্য ১০০ কোটি টাকার বাজেট ঘোষণা করতে পেরে আনন্দিত। এই বাজেট বাস্তবায়ন করার জন্য আমি পৌরবাসীসহ সকলের সহযোগিতা চাই। এ বাজেটের মাধ্যমে পৌরসভার সকল ওয়ার্ডের উন্নয়ন ও পৌরবাসীর কল্যাণ সাধিত হবে।' তিনি আরও বলেন, 'আমি মেয়র নির্বাচিত হওয়ার পর গত দুই বছরের মধ্যে বাঁশখালী পৌরসভার প্রায় ৫০ টি ছোট বড় সড়কে আরসিসি ঢালাই ও ব্রিক সলিং করেছি। বাকি প্রত্যেকটি সড়ক উন্নয়নের বরাদ্দ মঞ্জুর হয়েছে। আমার মেয়াদে পৌরবাসীর কাছে আমার দেওয়া অঙ্গিকার বাস্তবায়ন করবো, ইনশাআল্লাহ।'





