বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
বাঁশখালীতে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি শীর্ষক প্রকল্পের আওতায় নারী কর্মীদের সনদপত্র ও চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগষ্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার।
উপ সহকারী প্রকৌশলী মাহবুব আলমের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা গাজী মো. ওমর ফারুক চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকতুজ্জামান, উপ সহকারী প্রকৌশলী খালেদ হোসেন পিয়াস প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের প্রশাসক জেসমিন আক্তার বলেন, আপনাদের দীর্ঘদিন পরিশ্রমের ফল হিসেবে আপনারা আজ সনদ ও চেক পাচ্ছেন। আপনাদের সাথে আমিও আনন্দিত। আপনারা কষ্টার্জিত এই টাকা বিভিন্ন লাভজনক কাজে বিনিয়োগ করবেন। তাহলে আপনারা আর্থিকভাবে আরও বেশি লাভবান হবেন।





