বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
বাঁশখালীতে বায়তুশ শরফ কমপ্লেক্সের সভাপতি আমান উল্লাহ সিকদার ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দীনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে কমিটির অন্য দায়িত্বশীল ব্যক্তিরা। বৃহস্পতিবার (১৫ আগষ্ট) বাঁশখালী প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কমিটির প্রচার সম্পাদক আককাস রহমান।
তিনি অভিযোগ করেন, গত সাত বছর ধরে কমিটির কারো মতামত না নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পেশী শক্তি ব্যবহার করে কমপ্লেক্স পরিচালিত একাধিক প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। যাবতীয় খরচ বাদ দিয়ে তারা প্রতি বছর বিশ লাখ টাকারও অধিক পরিমাণ টাকা আত্মসাত করেছে। সম্প্রতি দেশের প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় তারা পলাতক রয়েছে। কিন্তু ব্যাংক হিসাব এখনও তাদের অনুকূলে রয়েছে। যার কারণে কমপ্লেক্স পরিচালিত একাধিক সেবামূলক প্রতিষ্ঠান পরিচালনা করতে এখন ব্যাপক জটিলতা সৃষ্টি হয়েছে। এব্যাপারে আমরা যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
সংবাদ সম্মেলনে মসজিদের খতিব মাওলানা আমির আহমদ, কমিটির যুগ্ন সম্পাদক আহমদ শফি, শিক্ষা সম্পাদক কামাল হোসেনসহ এলাকার গণ্যমান্য কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন।





