সারা দেশ

বাঁশখালীর কয়লা বিদ্যুৎকেন্দ্রে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই নিরাপত্তাকর্মী খুন

  • ''
  • প্রকাশিত ২ সেপ্টেম্বর, ২০২৪

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

বাঁশখালীতে ১৩২০ মেগাওয়াটের কয়লা বিদ্যুৎকেন্দ্রে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই জন নিরাপত্তাকর্মী খুন হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত তিনটার দিকে কয়লা বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।

নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার সরওয়ার আলম ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা গ্রামের আবদুর রহমানের ছেলে। তিনি কয়লা বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা প্রধানের দায়িত্বে ছিলেন। অন্যদিকে রাশেদ জাওয়ারদার রাজবাড়ী জেলার পাংশা উপজেলার জাওয়ারদার গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। তিনি নিরাপত্তাকর্মীর দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ জানায়, রবিবার রাত তিনটার দিকে কয়েকজন ব্যক্তি বিদ্যুৎকেন্দ্রে চুরি করতে এলে নিরাপত্তাকর্মীরা তাদের ধরার চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে চোরের দল বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা কর্মকর্তা সরওয়ার আলম ও নিরাপত্তাকর্মী রাশেদ জাওয়ার দারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মুমিনুল হক তাদের দুইজনকেই মৃত ঘোষণা করেন।

এব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ জানান, নিহত দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনার পর কয়লা বিদ্যুৎকেন্দ্রে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads