বাংলাদেশ-ভুটান যোগাযোগ ও বাণিজ্য বাড়াবে

ছবি: পিআইডির

জাতীয়

বাংলাদেশ-ভুটান যোগাযোগ ও বাণিজ্য বাড়াবে

  • কূটনৈতিক প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ মার্চ, ২০২১

বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাক্ষরিত অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) সর্বোচ্চ সুবিধা পেতে প্রয়োজনীয় যোগাযোগ অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। দুই প্রধানমন্ত্রী বাণিজ্য, কানেকটিভিটিসহ দুই দেশের মধ্যকার বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে আসেন সফররত ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। এ সময় বৈঠকে দুই প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয়ে ঐকমত্যে পৌঁছান।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। প্রেস সচিব বলেন, বৈঠকে বাংলাদেশ-ভুটান বাণিজ্য সম্প্রসারণে দুই দেশের মধ্যেকার নৌরুটগুলো সচল করার বিষয়ে একমত হয়েছেন দুই প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বেশি নৌবন্দর নির্মাণের ওপরও গুরুত্বারোপ করেন। এ ছাড়া সহযোগিতামূলক জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণে দ্বিপক্ষীয় অথবা ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক তৈরির কথা বলেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশে পড়াশোনা করা ভুটানের শিক্ষার্থীদের এককালীন ফুলটার্ম ভিসা ও মাল্টিপল এন্ট্রি সুবিধা দেওয়ার অনুরোধ করেন লোটে শেরিং। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে একমত এবং সংশ্লিষ্টদের এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তথ্যপ্রযুক্তি সেক্টরে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, ব্রডব্যান্ড ইন্টারনেটসহ তথ্যপ্রযুক্তি সেক্টরে বাংলাদেশ ভুটানকে সহযোগিতা করতে পারে। জাতিসংঘসহ আন্তর্জাতিক ফোরামগুলোতে বাংলাদেশ ও ভুটান একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হন দুই দেশের প্রধানমন্ত্রী।

দ্বিপক্ষয়ি বৈঠকের আগে দুই প্রধানমন্ত্রী প্রায় ৪৫ মিনিট একান্ত বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের পক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম শহীদুল করিম। ভুটানের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েন্টসিল এবং ভুটানের চিফ প্রটোকল অফিসার দাসো উজিয়েন গংপে।

ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকা সফর বৈঠকের বিষয়ে গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ভুটান থেকে বাংলাদেশ জলবিদ্যুৎ আমদানি করতে চায়। এটা দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয়ভাবে হতে পারে। আর ভুটানে ব্যান্ডউইথ রপ্তানি করতে চায় বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া ভুটানের সঙ্গে সড়ক, আকাশ, নৌ, রেলপথে কানেকটিভিটি বাড়াতে উভয়পক্ষ একমত হয়েছে। তিনি আরো জানান, ভুটানের শিক্ষার্থীদের বাংলাদেশে ভিসার মেয়াদ এককালীন বাড়ানোর জন্য ভুটানের প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন। তার এই প্রস্তাবে আমরা সম্মতি দিয়েছি।

পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনায় আক্রান্ত। সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সহমর্ির্মতা জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads