বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা খালের উপর নির্মিত সেতুটি হেলে পড়েছে। উপজেলা প্রশাসন জানতে পেরে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছে।
এঅবস্থায় দুই পাড়ের স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থী ও জনসাধারণ চরম দুর্ভোগে পড়েছে। আজ সোমবার সকালে রায়েন্দা খালে একটি খেয়া নৌকা পার হওয়ার সময় যাত্রী নিয়ে ডুবে যায়। নৌকায় শিশু, শিক্ষার্থী, বৃদ্ধ ও নারীসহ ২৫জন যাত্রী ছিল। তবে তাৎক্ষনিকভাবে ডুবে যাওয়া যাত্রীদের এলাকাবাসী উদ্ধার করেছে। দুর্ঘটনায় শিক্ষার্থীদের বই, মোবাইল ফোন সেট, নগদ টাকা, মূল্যবান কাগজপত্র তলিয়ে গেছে।
শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নূরুল আলম ফকির বলেন, অত্র ব্রিজে উপজেলা সদরের সব শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী চলাচল করে। তাই ব্রিজটি নতুনভাবে নির্মিত না হওয়া পর্যন্ত বিকল্প সাকো কিংবা বাঁশের ব্রিজ নির্মান করা দরকার।
প্রায় ২৫বছর আগে রায়েন্দা খালের ওপর রায়েন্দা ও খোন্তাকাটা ইউনিয়নের সেতুবন্ধন তৈরীতে আরসিসি ঢালাই ও লোহার পিলারের এ্যাঙ্গেল দিয়ে এই ব্রিজটি নির্মান করা হয়। নির্মানের কয়েক বছর পর থেকে ব্রিজটির পিলার দূর্বল হয়ে হয়ে পড়ে। কিন্তু কোনো মেরামত না করায় ঝুঁকিপূর্ণ ব্রিজটি রবিবার দুপুরে হঠাৎ একদিকে হেলে পড়ে।
ব্রিজটি বন্ধ হওয়ায় পাঁচ সহস্রাধিক মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন বলেন, ব্রিজটি হেলে পড়ার খবর পেয়েই চলাচল বন্ধ করা হয়েছে।





