হবিগঞ্জের বানিয়াচংয়ে চার পুলিশ সদস্যের উপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ এক আসামিকে ছিনিয়ে নিয়েছে স্বজনরা। গুরুতর আহত অবস্থায় ৩ পুলিশ সদস্যকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় সুজাতপুর ফাঁড়ির এস আই তোয়াহাকে ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গতকাল বুধবার রাতে উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে এ ঘটনা ঘটে। আহত অন্য পুলিশ সদস্যরা হলেন বানিয়াচং উপজেলার সুজাতপুর ফাঁড়ির এএসআই সোহেল রানা, কনস্টেবল হাতিমুরা ও সোহেল।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানান, বুধবার রাতে ওই গ্রামের রমজান আলীর ছেলে দু’টি মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামি বুলবুল মিয়াকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ। আসামিকে নিয়ে আসার সময় তার স্বজনরা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে ঘটনাস্থলে আসামির স্বজনরা চার পুলিশ সদস্যকে পিটিয়ে হ্যান্ডকাফসহ আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে বানিয়াচং থানায় মামলা দায়ের করেছে। পাশাপাশি আসামি ও দুর্বৃত্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





