নওগাঁর আত্রাইয়ে বাল্য বিয়ের ঘটনায় জামাই-শশুর ও তার বন্ধুকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। তারা এখন শ্রীঘরে রয়েছে ।
গত মঙ্গলবার রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিট্রেষ্ট ও উপজেলা নির্বাহী অফিসার ছানাউল ইসলাম এ নির্দেশ দেন। বুধবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন, বর মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামের হোসেন আলীর ছেলে ইসরাফিল আলম (২০), শ্বশুর হাটকালুপাড়া গ্রামের মৃত জাদনের ছেলে আব্দুল করিম (৪৮)ও বন্ধু বিলচিকলা গ্রামের ইমরানের ছেলে হেলফর হোসেন (২২)।
আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন বলেন, মঙ্গলবার বিকেলে উপজেলার হাটকালুপাড়া গ্রামে বাল্য বিয়ে অনুষ্ঠিত হচ্ছে এমন সংবাদ পেয়ে আত্রাই থানার এসআই প্রদীপ কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে তিনজন কে গ্রেফতার করে।
পরে আটককৃতদের মঙ্গলবার রাতে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বাল্য বিয়ে নিরোধ আইনে কনের বাবা, বর ও বরের বন্ধু প্রত্যেককে একমাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম।





