সারা দেশ

বাসাইলে তাঁত মেশিন নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ মার্চ, ২০২১

টাঙ্গাইলের বাসাইলে তাঁত মেশিন নিয়ে দ্বন্দ্বের জের ধরে ছোটভাইয়ের হাতে বড়ভাই খুন হয়েছেন।

আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাশিল ইউনিয়নের বাথুলী সাদী খালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ছোটভাই শফিক মিয়া (৩০) ও নিহত মজিদ মিয়া (৩৫) ওই এলাকার সেন্টু মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে সম্পত্তি এবং তাঁত মেশিন নিয়ে পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জানা যায়, রোববার সকালে তাঁত মেশিন নিয়ে পিতা সেন্টু মিয়া ও পুত্রদের বাকবিতণ্ডার একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় শফিক তার বড়ভাই মজিদকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী মিলি বেগম বলেন, বাড়ির তাঁত ও জমি নিয়ে শফিক মাঝে মধ্যেই আমার স্বামীর সঙ্গে ঝগড়া করত। সকালে আমার শ্বশুরের সঙ্গেও ঝগড়া করছিল। ওই ঝগড়া থামাতে গেলে শফিক আমার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সেন্টু মিয়ার আরেক ছেলে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads