বায়ু দূষিত দেশের তালিকায় সর্বশীর্ষে স্থান পেয়েছে বাংলাদেশ। এরপরই যথাক্রমে রয়েছে প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও ভারত। সেইসঙ্গে সবচেয়ে দূষিত ৩০ শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৭তম। মঙ্গলবার প্রকাশিত আইকিউএয়ার, এয়ারভিস্যুয়াল ও গ্রিনপিসের এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
২০১৮ সালের বায়ুতে দূষণের মাত্রা নিয়ে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। বাতাসের মধ্যে পিএমটুপয়েন্টফাইভ নামে পরিচিত এক ধরনের সূক্ষ্ম কণার উপস্থিতি হিসাব করে এ প্রতিবেদেন করা হয়।
বাতাসে পিএমটুপয়েন্টফাইভ-এর মাত্রা সর্বোচ্চ ১০০ ধরে এ তালিকা তৈরি করা হয়েছে। এই কণাগুলো মানুষের ফুসফুস ও রক্তপ্রবাহে মারাত্মক ক্ষতি করতে পারে।
বায়ু দূষণের শীর্ষে থাকা বাংলাদেশের বাতাসে পিএমটুপয়েন্টফাইভ’র গড় মাত্রা ৯৭.১, দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের ৭৪.২৭, তৃতীয়তে থাকা ভারতের ৭২.৫৪। চতুর্থে থাকা আফগানিস্তানের ৬১.৮ বারহাইনের ৫৯.৮। এরপর রয়েছে যথাক্রমে মঙ্গোলিয়া, কুয়েত, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, নাইজেরিয়া।
অন্যদিকে সবচেয়ে কম দূষিত দেশ হিসেবে তালিকার নিচের দিকে রয়েছে যথাক্রমে আইসল্যান্ড (৫.০৫) ফিনল্যান্ড (৬.৫৭), অস্ট্রেলিয়া(৬.৮২), এস্তোনিয়া(৭.২) ও সুইডেনের (৭.৩৭) ।
নতুন ওই প্রতিবেদন অনুযায়ী, বায়ু দূষণের কারণে আগামী বছর বিশ্বে প্রায় ৭০ লাখ অকাল মৃত্যুর ঘটনা ঘটবে। এর ফলে অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে। তথ্য সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট, গার্ডিয়ান, সিএনএন।





