শুল্ক ফাঁকির অভিযোগের মামলায় পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য হারুন অর রশীদের আসন কেন শূন্য ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
জনস্বার্থে আনা রিটের শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হক সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী দেওয়ান মো. আবু ওবায়েদ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল জেসমিন সুলতানা সামশাদ।
আদালতে রিটটি করেন স্থানীয় বাসিন্দা আব্দুল ওয়াদুদ।
আইনজীবী দেওয়ান মো. আবু ওবায়েদ হোসেন বলেন, সংসদ সদস্য হারুন অর রশীদ পাঁচ বছরের সাজা হয়েছিল। সংবিধানের ৬৬(২)(ঘ) বলা আছে, কেনো সংসদ সদস্য এ পদের অযোগ্য হবেন যদি ফৌজদারি মামলায় তিনি অন্যূন দুই বছর দ-িত হন। সেখানে হারুন অর রশীদ পাঁচ বছরের দ-প্রাপ্ত। সে কারণে জনস্বার্থে রিট করা হয়েছে। ১৩ আগস্ট রিটটি দায়ের করা হয়।
চার সপ্তাহের মধ্যে আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক, হারুন অর রশীদ, নির্বাচন কমিশনের সিনিয়র সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, ২০০৭ সালের ৭ মার্চ এমপি হারুনসহ তিনজনের নামে মামলাটি দায়ের করেন তেজগাঁও থানার উপ-পরিদর্শক ইউনুস আলী। মামলার অভিযোগ থেকে জানা যায়, হারুন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে সংসদ সদস্য থাকাকালে ২০০৫ সালে ব্রিটেন থেকে একটি হ্যামার ব্র্যান্ডের গাড়ি শুল্কমুক্ত সুবিধায় কেনেন। গাড়িটি তিনি পরে ইশতিয়াক সাদেকের কাছে ৯৮ লাখ টাকায় বিক্রি করে দেন। এরপর সাদেক গাড়িটি চ্যানেল নাইনের এমডি বাপ্পীর কাছে বিক্রি করেন। নিয়ম অনুযায়ী, শুল্কমুক্ত গাড়ি তিন বছরের মধ্যে বিক্রি করলে শুল্ক দিতে হয়। কিন্তু এমপি হারুন শুল্ক না দিয়ে বিশ্বাস ভঙ্গ করেছেন। এই মামলায় গত বছরের ২১ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৪ তাকে ৫ বছরের কারাদন্ড দেন। কারাদন্ডের পাশাপাশি তাকে ৫০ লাখ টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। রায়ের দিন হারুনকে কারাগারে পাঠানো হয়। এরপর খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন হারুন অর রশীদ। হারুন অর রশীদের করা আপিল শুনানির জন্য গ্রহণ করে গত বছরের ২৮ অক্টোবর বিচারপতি মো. শওকত হোসেনের হাইকোর্ট একক বেঞ্চ তাকে জামিন দেন।
হারুন অর রশীদ ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।





