একটু পরেই বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশ খেলতে নামবে ভারতের বিপক্ষে। বাংলাদেশ সময় দুপুর ২:৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ এবারের বিশ্বকাপে তিন ম্যাচ খেলে জিতেছে একটি ম্যাচে। অপরদিকে বিশ্বকাপে এখনো হারের মুখ দেখেনি ভারত। পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারা।
আর এই দুই দেশের ম্যাচ ঘিরে ভক্তদের মাঝে রয়েছে উন্মাদনা। কারণ ভারত পাকিস্তান ম্যাচের চেয়ে ভারত বাংলাদেশ ম্যাচ বেশি জমজমাট হয়। বিশ্বকাপের এবারের আসরে ভারত পাকিস্তানের ম্যাচের পর ভারতের সাবেক ক্রিকেটার দিনেশ কার্তিক এমন মন্তব্যই করেছেন।
পাকিস্তানকে গুরুত্ব না দিয়ে বাংলাদেশকে নিয়ে ব্যঙ্গাত্মক বিজ্ঞাপন বানিয়ে সে আলোচনা, আরও একধাপ এগিয়ে গেছে। ভারত যে টাইগার আতঙ্কে রয়েছে, এই বিজ্ঞাপন যেন তারই ইঙ্গিত দিচ্ছে। তবে ভারত বধের মিশন কি কমপ্লিট করতে পারবে টাইগার বাহিনী।
ক্রিকেটের যেকোনো ফরম্যাটে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়, যেন কাপ জেতার মতই! ভারতের বিপক্ষে জয়গুলো টাইগারদের জন্য বেশ স্মরণীয়। কবে থেকে ভারত বধ শুরু করেছে বাংলাদেশ? সে উত্তর জানবই, এর আগে চলুন জেনে নেওয়া যাক মুখোমুখি দেখায় কোন দলের সাফল্য কতটুকু।
পরিসংখ্যানের পাতায় বিশ্বকাপের মঞ্চে ৪ দেখায় মাত্র একবার ভারতকে হারিয়েছে বাংলাদেশ। আর ওয়ানডে ফরম্যাটে ৪০ বার মুখোমুখি হয়েছে দু’দল। যেখানে টিম ইন্ডিয়ার ৩১ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় ৮ টি।





