বিশ্বজয়ীরা দেশে ফিরেছেন

সংগৃহীত ছবি

ক্রিকেট

বিশ্বজয়ীরা দেশে ফিরেছেন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১২ ফেব্রুয়ারি, ২০২০

অনন্য গৌরব বয়ে আনা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তরুণ টাইগাররা দেশে ফিরেছেন। আজ বুধবার বিকাল ৪টা ৫২ মিনিটে ক্রিকেটারদের বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং সরকার ও বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের বরণ করে নেন।

বিমানবন্দর থেকে ক্রিকেটারদের নেয়া হবে হোম অব ক্রিকেট শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। পরে সেখানে সংবাদ সম্মেলনে উপস্থিত হবেন শিরোপাজয়ী অধিনায়ক আকবর আলী।

হাজার হাজার ভক্ত তরুণ টাইগারদের বরণ করে নিতে স্টেডিয়ামে অপেক্ষা করছেন। দীর্ঘসময় ধরে তারা ‘বাংলাদেশ, বাংলাদেশ’ বলে স্লোগান দিচ্ছেন।

বিসিবিতে আসার পর এবং সংবাদ সম্মেলন শেষে অধিকাংশ ক্রিকেটার রাতে জাতীয় একাডেমিতেই অবস্থান করবেন। বৃহস্পতিবার সকালে নিজ নিজ গ্রামে ফিরে যাবেন তারা।

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে এবার নতুন ইতিহাস গড়েছে বাংলার ছেলেরা। প্রথমবারের মতো ফাইনালে উঠেই তাক লাগিয়ে দিয়েছে গোটা দুনিয়াকে। ফাইনালে তারা পর্যুদস্ত করে চারবারের চ্যাম্পিয়ন শক্তিশালী ভারতকে। বৃষ্টি আইনে বাংলাদেশ পায় তিন উইকেটের রোমাঞ্চকর জয়।

যদিও ম্যাচটি শেষ হয়েছিল তিক্ততায়। উল্লাস করার সময় ভারতীয় যুবাদের সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটে বাংলাদেশের যুবাদের। বাংলাদেশের পতাকা ছুড়ে ফেলে দেওয়ায় প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতির মতো ঘটনাও ঘটে আকবর আলীর শিষ্যদের। যদিও সেটি নিয়ে কড়া অবস্থান নিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বাংলাদেশের তিনজন ও ভারতের দুজনকে শাস্তি দিয়েছে সংস্থাটি। মাঠের সেই তিক্ততা দ্রুত ভুলে যাওয়াই ভালো। এবার ট্রফি নিয়ে দেশে ফেরার পালা বাংলাদেশের যুবাদের। সময় এখন বিশ্ব চ্যাম্পিয়নের সুখকর অনুভূতি উপভোগ করা।  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads