ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে এসে পৌঁছেছেন। আজ সোমবার সকাল ১০টায় আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তিনি বাংলাদেশে এসে পৌঁঁছান। সদ্য সাবেক ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাসের স্থলাভিষিক্ত হচ্ছেন এই কুটনীতিক।
ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী আখাউড়া স্থল বন্দরে সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও ভারত বন্ধু প্রতীম রাষ্ট্র। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সেখানে কাজ করার সুযোগ পেয়ে আমি খুবই খুশি। এখন বাংলাদেশের সীমান্তে আমি এসেছি। আমাদের কাছে বাংলাদেশের প্রত্যাশার কথা শুনব এবং উভয় দেশের প্রধানমন্ত্রীকে সেটি জানাব।
তিনি বলেন, ভারতে আমরা বাংলাদেশকে আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু মনে করি। বাংলাদেশের সাথে আরও কীভাবে সম্পর্ক বৃদ্ধি করা যায় সেটি নিয়ে কাজ করবো। মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করার পরই আমি কথা বলব। এখন কিছু বলা অনুচিত হবে। এরপরে তিনি সড়ক পথে ঢাকায় রওয়ানা হন।
এদিকে সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীকে অভ্যর্থনা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ নূরে-এ আলম, সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মিজানুর রহমান, আখাউড়া থানা অফিসার ইনচার্জ ওসি রসুল আহমদ নিজামী।





