ভাড়া বাসায় ফিরছে পাখি

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ভাড়া বাসায় ফিরছে পাখি

  • প্রকাশিত ৯ নভেম্বর, ২০২১

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

বাঘায় সেই ভাড়া করা বাসাতে পাখি ফিরতে শুরু করেছে। খোর্দ্দ বাউসা গ্রামের আমবাগানে এ বছরও প্রজননের প্রয়োজনে পাখি ফিরছে।

জানা গেছে, গত বছর ২৯ অক্টোবর জাতীয় পত্রিকায় ‘পাখিদের বাসা ছাড়তে সময় দেয়া হলো ১৫ দিন’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি উচ্চ আদালতের নজরে এনে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার আরজি জানান সুপ্রিমকোর্টের আইনজীবী প্রজ্ঞা পারমিতা রায়। আদালত স্বতঃপ্রণোদিত রুলসহ এক আদেশ দেন। কেন ওই এলাকাকে পাখির অভয়ারণ্য ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়। এলাকাটি অভয়ারণ্য ঘোষণা করে বাগান মালিক ও বাগানের ইজারাদারের ক্ষতির পরিমাণ নিরূপণ করে ৪০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে রাজশাহী জেলা প্রশাসক ও বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে কৃষি মন্ত্রণালয় থেকে রাজশাহীর জেলা প্রশাসককে পাখির স্থায়ী আবাস গড়ে তোলার জন্য প্রস্তাবনা অনুযায়ী, প্রতি বছর তিন লাখ ১৩ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়ে পাখির জন্য বাসা ভাড়া করা হয়েছে। সেই ভাড়া বাসাতে পাখি আসতে শুরু করেছে।

স্থানীয় আম চাষি মনজুর রহমান জানান, ৩৮টি আমগাছের মূল্য নির্ধারণ করে ভাড়া নেওয়া হয়েছে। বর্তমানে পাখি আবারও ফিরতে শুরু করেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, জেলা প্রশাসকের নির্দেশে আমি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গাছের হিসাব অনুযায়ী বাগান মালিকদের হাতে ক্ষতির টাকা দেয়া হয়েছে। এই বাগানে পাখি আসতে শুরু করেছে।

উল্লেখ্য, কয়েক বছর ধরে এই বাগানে শামুকখোল পাখিরা বাসা বেঁধে বাচ্চা ফোটায়। বাচ্চা উড়তে শিখলে তারা চলে যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads