ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নূরকে তিন দিনের মধ্যে পাসপোর্ট দিতে অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
পাসপোর্ট দেওয়ার নির্দেশনা চেয়ে নূরের করা একটি রিট আবেদনে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাই কোর্ট বেঞ্চ বুধবার এই রায় দেন।
আদালতে রুলের পক্ষে শুনানি করেন আইনজীবী মহসীন রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন আবু ইয়াহিয়া দুলাল।
রায়ের পর নূরের আইনজীবী সাংবাদিকদের বলেন, রায়ের অনুলিপি পাওয়ার তিন দিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নূরকে পাসপোর্ট দিতে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, নির্ধারিত সময়ে পাসপোর্ট না পেয়ে স্বরাষ্ট্র সচিব ও পাসপোর্টের ডিজিকে লিগ্যাল নোটিশ দিয়েছিলেন নূর। তাদের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে হাই কোর্টে এই রিট করেছিলেন তিনি।
গত ১ অগাস্ট এই রিট আবেদন করে নূর সাংবাদিকদের বলেছিলেন, আমি ডাকসু ভিপি হয়েও এ পর্যন্ত চার বার ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা আক্রমণের শিকার হয়েছি। সে কারণে আমি আহত। চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আমাকে বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন। সে কারণে ২৩ এপ্রিল ইমার্জেন্সি পাসপোর্টের জন্য আবেদন করেছিলাম যথাযথ নিয়মে। ২ মে পাসপোর্ট দেওয়ার কথা ছিল। কিন্তু রহস্যজনক কারণে দীর্ঘদিন পাসপোর্টটি ঝুলিয়ে রাখা হল। পরে আদালতের শরণাপন্ন হই।
ওই রিটের প্রাথমিক শুনানি করে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও মোহাম্মদ আলীর হাই কোর্ট বেঞ্চ রুল জারি করে।
রুলে নুরুল হক নূরকে কেন জরুরি ভিত্তিতে পাসপোর্ট দিতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। ওই রুলই যথাযথ ঘোষণা করে রায় দিয়েছে উচ্চ আদালত।





