দীর্ঘ ৬ বছর পর টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা ও পৌর বিএনপি’র কমিটিকে বিলুপ্তি ঘোষণা করেছে টাঙ্গাইল জেলা বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটি। গত সোমবার (৫ ডিসেম্বর) টাঙ্গাইল প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত সভায় কমিটির আহবায়ক এডভোকেট আহমেদ আযম ও সদস্য সচিব মাহমুদুল হক ছানু বিলুপ্তি ঘোষণা করার কথা জানান। সেইসাথে ৭ দিনের মধ্যে জেলার সকল উপজেলায় নতুন করে আহবায়ক কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়।
বুধবার (৮ ডিসেম্বর) এ বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা জানান, ২০১৫ সালে এক সভায় উপজেলা বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন জেলা বিএনপি। ওই কমিটিতে সদ্য ঘোষিত জেলা আহবায়ক কমিটির সদস্য এডভোকেট গোলাম মোস্তফাকে সভাপতি ও সাবেক চেয়ারম্যান সেলিমুজ্জামান সেলুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
তিনি আরও জানান, উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র আগের কমিটি ভেঙে দেওয়ায় নতুন করে এক সপ্তাহের মধ্যে ভূঞাপুর থানা ও পৌর বিএনপি’র কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে জেলা বিএনপি। নির্দেশা মতে ৭ থেকে ১০ দিনের মধ্যে আহবায়ক কমিটি গঠন করা হবে। এছাড়া নতুন আহবায়ক কমিটি করার পর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর বিএনপি’র সকল ওয়ার্ডে আহবায়ক কমিটি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।





