ভোলায় দৌলতখান উপজেলায় বাড়ির পাশের সুপারি বাগান থেকে মো. আব্দুল সাত্তার (৬৫) নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল সাত্তার একই এলাকার ৯ নম্বর ওয়ার্ডের মৃত সোনা মিয়ার ছেলে এবং ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ হাবিবুল্লাহ এর ভাই।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত আব্দুল সাত্তারের বাড়ির পাশে একটি বড় সুপারি বাগান রয়েছে। ওই বাগানের সুপারি চুরি হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি সেখানে প্রতিদিন রাতে পাহাড়ায় থাকতেন। গতরাতেও তিনি ভাত খেয়ে সুপারি বাগানে যান। রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে। পরে বুধবার সকালে স্থানীয়রা সুপারি বাগানে তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ৎতিনি আরো জানান, ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করার পাশাপাশি তার গলাকাটা হয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে এব্যাপারে তদন্ত চলছে বলে জানান ওসি।





