ভোলায় মহামারী করোনায় কর্মহীন ক্ষতিগ্রস্ত ও সুবিধা বঞ্চিত অসহায়দের জন্য ৫ টাকায় বাজার খুলেছে ‘মানবিক উদ্যোগ’ নামে একটি সামাজিক সংগঠন। আজ মঙ্গলবার ভোলা প্রেসক্লাবের সামনে শতাধিক মানুষের হাতে মাত্র ৫ টাকার বিনিময়ে তুলে দেয়া হয় চাল, ডাল, আলু, পেঁয়াজ ও সাবান। অসহায় দরিদ্র মানুষরা এই খাদ্যসামগ্রী পেয়ে হাসিমুখে বাড়ি ফিরেছে।
এ সময় মানবতার বাজার থেকে পণ্য কিনতে আসা খালেক মিয়া, রহিমা বিবি ও আফরোজা বেগম বলেন, ৫ টাকায় এতো বাজার তারা কখনো কল্পনাই করতে পারেনি। কটা দিন চিন্তা করতে হবে না তাদের। আর এটা ত্রান মনে হচ্ছে না মনে হচ্ছে বাজার করে খাচ্ছি। এসময় সহায়তা প্রাপ্তরা আয়োজক সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানান।
আয়োজকরা জানান, মানুষ যেন মনে না করেন তারা ত্রাণ নিচ্ছে, এমন ধারণা থেকে ৫ টাকার বাজার দেওয়া হয়েছে। তাদের মাঝে কোনো সংকোচ বোধ না থাকে। প্রত্যেকেই আনন্দের সাথে নিজের টাকায় বাজার নিয়ে যাচ্ছেন।
সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে এমন ব্যক্তিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সমাজের সকল বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে আহবান জানান স্থানীয় সচেতন মহল।





