রাজধানীর মতিঝিলের মধুমিতা সিনেমা হলের পেছনে একটি গাড়ির গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। তবে কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
আজ রোববার (২৫ জুলাই) ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, বেলা ১১টা ৫ মিনিটের দিকে মতিঝিল মধুমিতা হলের পেছনে একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের খবর আসে। এরপর ঘটনাস্থলে ৫টি ইউনিট পাঠানো হয়। সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।
এর আগে শনিবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর কমলাপুরে বিআরটিসি ডিপোর ভেতরে আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, শনিবার সন্ধ্যা ৬টা ২৮ মিনিটের দিকে কমলাপুরের বিআরটিসি ডিপোর ভেতরে একটি বিআরটিসি বাসে আগুনের খবর পাওয়ার পর চারটি ইউনিট পাঠানো হয়। ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে দুটি বাস পুড়ে ক্ষতি হয় ১০ লাখ টাকা।





