গাইবান্ধার পলাশবাড়ীতে মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা-পলাশবাড়ী সড়ক দিয়ে মোটনসাইকেলে পুত্রসহ মমিনুল ইসলাম পলাশবাড়ী শহরের দিকে যাচ্ছিলেন। পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় একটি মাইক্রোবাস পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বাবা মমিনুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ছেলে মাহির মৃত্যু হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদার রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
নিহতরা হলেন, উপজেলার সাতারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবা মমিনুল ইসলাম (৪৫) ও ছেলে স্থানীয় ইউনিক কিন্ডার গার্টেন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র মাহি (১০)।
মমিনুল ইসলাম উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুকঘোড়াবান্দা গ্রামের খেরাজ উদ্দিনের ছেলে। তিনি পরিবার নিয়ে পলাশবাড়ী উপজেলা শহরের প্রফেসরপাড়ায় বসবাস করতেন।





