হবিগঞ্জের মাধবপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় এনজিও আশার এক মাঠকর্মী ও এক মাদ্রাসার ছাত্রীর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার রতনপুর বাসস্ট্যান্ড এলাকায় দ্রুতগামী একটি বাসের চাপায় এনজিও আশা নোয়াপাড়া ব্রাঞ্চের মাঠকর্মী আবদাল মিয়া (৪০) ঘটনাস্থলেই নিহত হন। তিনি পার্শ্ববর্তী চুনারুঘাট উপজেলার জারুলিয়া গ্রামের মৃত রজব আলীর ছেলে।
অপরদিকে শনিবার সকালে মাধবপুর-মনতলা সড়কে একটি সিএনজি (অটোরিক্সা)’র চাপায় জেসমিন (১৪) নামে এক কওমী মাদ্রাসার ছাত্রী গুরুতর আহত হয়। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
জেসমিন উপজেলার মনতলা মেরাশানি গ্রামের মৃত নুর মিয়ার মেয়ে। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর এর সত্যতা নিশ্চিত করেছেন।





