মানিকগঞ্জে আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনা রোগী

সংগৃহীত ছবি

সারা দেশ

মানিকগঞ্জে আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনা রোগী

  • মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৪ জুলাই, ২০২১

মানিকগঞ্জে আশঙ্কাজনকভাবে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন করোনা রোগী। আক্রান্তের হার চলমান আকারে বাড়তে থাকলে খুব দ্রুতই হাসপাতালের ধারণ ক্ষমতাকে অতিক্রম করার আশঙ্কা রয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত মে মাসে ১৪১৬ জনের নমুনা পরীক্ষায় ১০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। জুনে ২৩৭৯ জনের নমুনা পরীক্ষায় ২৪৫ জনের করোনা শনাক্ত হয়। চলতি মাসের ১ তারিখে ১১৬ জনের নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৭ জন আক্রান্ত হয়েছেন যা মোট নমুনা পরীক্ষার ২৫ দশমিক ৬৯ শতাংশ। এছাড়া ঘিওর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে।

গত মে মাস থেকে চলতি মাসের পরিসংখ্যান অনুযায়ী, মে মাসে নমুনা পরীক্ষায় আক্রান্তের হার ছিল ৭.৭ শতাংশ। জুনে তা বেড়ে হয়েছে ১০.৩ শতাংশ।

২৫০ শয্যাবিশিষ্ট মানিকগঞ্জ জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের ১০০ শয্যাবিশিষ্ট কোভিড ইউনিটে প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। আজ রোববার দুপুর পর্যন্ত করোনা ওয়ার্ডে ৪৫ জন করোনা পজিটিভ রোগী এবং আইসোলেশনে উপসর্গ নিয়ে ৩৩ জনসহ মোট ৭৮ জন চিকিৎসাধীন। করোনা আক্রান্তদের মধ্যে ২৯ জন পুরুষ ও ২৬ জন নারী। এছাড়া, আইসোলেশন ওয়ার্ডে আছেন ১৮ জন পুরুষ এবং ১৫ জন নারী। এ পর্যন্ত হাসপাতালে কোভিড ওয়ার্ডে করোনায় ১৩ জন এবং উপসর্গ নিয়ে অর্ধশতাধিক রোগীর মৃত্যু হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের কয়েকজন চিকিৎসক ও নার্স জানান, যেভাবে হাসপাতালের কোভিড ইউনিটে রোগী বাড়ছে তাতে আগামী পাঁচ-ছয় দিনে রোগীর জায়গা দেওয়া সম্ভব হবে না হয়তো। ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় সংক্রমণের হার বাড়ছে। যার চাপ এসে পড়ছে হাসপাতালে।

উল্লেখ্য, এ পর্যন্ত জেলায় মোট ২ হাজার ৬১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৫১ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৩৫১ জন। এছাড়া, বাকিরা হাসপাতালে ও নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads