নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একটি বাগানের বেশকিছু গাছ কেটে ফেলা হয়েছে বলে জানা গেছে। উপজেলার গণেশপুর ইউনিয়নের মীরপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
জানাগেছে, ওই গ্রামের মৃত নেকবর আলী মোল্লার ছেলে আলহাজ্ব নজরুল ইসলামের পৈতৃক সূত্রেপ্রাপ্ত জমিতে বিভিন্ন প্রজাতির ফলজ এবং বনজ গাছ রোপণ করেন। জমিটি নিয়ে তার আপন বোন এবং ভাগ্নেদের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো বলে জানান তিনি।
এরই জের ধরে গত বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতের কোনো এক সময় ওই বিবাদমান জমির ৭ টি লুম্বু গাছ গাছ কেটে ফেলা হয়েছে। এর আগেও বাড়ির পাশে রোপিত একটি আম বাগানের ৯ টি আম্রপালি গাছের মাঝখানে ভেঙ্গে ফেলা হয়েছে বলেও জানান ভুক্তভোগী। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষের কামরুজ্জামান এবং রফিকুল ইসলাম বলেন, গাছ কাটার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। পূর্ব শত্রুতার জের ধরে আমাদেরকে ফাঁসাতে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





