রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে। আহত অন্তত ১২ জন। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লেগুনার চালক হান্নান (২২), অজ্ঞাত পুরুষ যাত্রী (৬৫) ও তাওহিদ (১০)।
উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, সকালে বিরুলিয়া বেড়িবাঁধ এলাকায় ‘মায়ের দোয়া’ পরিবহনের একটি বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষ হয়। এতে লেগুনাচালকসহ ১৫ জন আহত হন। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা ১৫ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
আহতদের মধ্যে থেকে চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লেগুনা চালকসহ তিনজনকে মৃত ঘোষণা করেন।





