বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপকহারে কুকুরকে টিকাদান (এমডিভি) কার্যক্রম সম্পর্কে টাঙ্গাইলের মির্জাপুরে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সাইফ উদ্দিন আহমেদ, ডিজিএইচএস’র সুপারভাইজার মো. সামির হোসেন, ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম, লতিফপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, গোড়াই ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, মির্জাপুর পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন ও তাপস সাহা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. লিটন চন্দ্র সাহা, মেডিকেল অফিসার ডা. হাসিবা ইসদানী খান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. ইজাজুল হক, আনন্দ টিভির মির্জাপুর প্রতিনিধি সাংবাদিক মো. সানোয়ার হোসেন প্রমুখ।
এমডিভি’র সুপারভাইজার জানায়, আগামী ২২ থেকে শুরু হয়ে ২৬ এপ্রিল পর্যন্ত উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি গ্রামে পোষা ও বেওয়ারিশ কুকুরকে টিকার আওতায় আনা হবে। এজন্য মোট ৩৩টি দল সমন্বয়ে কাজ করবে। এ কাজে স্বাস্থ্য অধিদপ্তরের দুইজন অভিজ্ঞ বিশেষজ্ঞও থাকবেন। প্রসঙ্গত, জনসংখ্যার হার অনুযায়ী এ উপজেলায় সাড়ে তিন হাজার টিকা বরাদ্দ রয়েছে। তবে, চাহিদা থাকলে তা বাড়ানো সম্ভবও বলে সভায় জানানো হয়।
টিকাদান কর্মসূচি বাস্তবায়নে প্রতিটি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন এমডিভি কার্যক্রমের সংশ্লিষ্টরা।





