মির্জাপুর উপজেলার সখীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৫জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৫জন।
আজ সোমবার সকাল ১০টার দিকে সিএনজি অটোরিকশা-প্রাইভেটকার ও ড্রামের ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের খলিল মিয়ার ছেলে হৃদয় (১৮), কুড়াতলী গ্রামের জহুর উদ্দিনের ছেলে সোনাম উদ্দিন (৬০), একই গ্রামের হাশেম আলীর ছেলে মাশরাফুল (৮), হাফিজ উদ্দিন (৬০) ও তার মেয়ে রেনু আক্তার (২৫)। তারা প্রত্যেকেই সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত কয়েকজনকে উদ্ধার করে মির্জাপুর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন জন মারা যান।
এ ঘটনায় অন্তত পাঁচ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সকালে সখীপুর থেকে হাঁটুভাঙার দিকে ছেড়ে আসা মার্টিভর্তি একটি ড্রাম ট্রাক সামনে থাকা সিএনজিকে ওভারটেক করতে গিয়ে না পেরে সিএনজি অটোরিকশাকে চাপা দেয় এবং বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটিও দুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী হৃদয় ও মাশরাফুল ঘটনাস্থলেই মারা যান। অপরযাত্রী সোনামকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাফিজ উদ্দিন ও তার মেয়ে মারা যান।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান জানান, ড্রাম ট্রাক আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





