দিনাজপুরের চিরিরবন্দর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শেফালী বাজারের পূর্ব দিকে বৈকুণ্ঠপুর গ্রামের শ্রী সরোজ কুমারের পুকুর থেকে পুলিশ পরিত্যক্ত অবস্থায় হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করে। গ্রেনেডটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার বলে পুলিশ এবং স্থানীয়দের ধারণা করছে।
স্থানীয়রা জানান, ওই এলাকার বাসিন্দা সরোজ কুমারের পুকুরটি অনেক পুরোনো তবে পুকুরটি নতুন করে খনন করার সময় কাদার ভেতর থেকে পাওয়া যায় গ্রেনেডটি। পরে থানায় খবর দিলে পুলিশ হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করে।
চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ বলেন, হ্যান্ড গ্রেনেডটি খুবই ছোট আকৃতির। তাতে মরিচা পড়ে গেছে। তবে পুলিশ প্রাথমিকভাবে এটিকে সক্রিয় হিসেবে বিবেচনায় নিচ্ছে। ইতোমধ্যে রংপুরের র্যাবের বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তিনি বলেন, আপাতত হ্যান্ড গ্রেনেডটি পুলিশ এবং স্থানীয় চৌকিদারের পাহারায় নিরাপদে রাখা হয়েছে। গ্রেনেডটি মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে।





